
সোলায়মানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ মোঃ রবিউল আওয়াল লাভলু।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ আলোচনার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
রবিউল আওয়াল লাভলু দীর্ঘ তিন দশক ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ও ত্যাগী রাজনীতির কারণে তিনি এলাকায় একজন সৎ, নির্ভরযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইল-৬ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা এটিকে বিএনপির পুনর্জাগরণের সুযোগ হিসেবে দেখছেন। অনেকেই ইতোমধ্যে রবিউল আওয়াল লাভলুর বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই বৃহৎ পরিসরের প্রার্থী ঘোষণা দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এখন সবার নজর ডিসেম্বরের তফসিল ঘোষণার দিকে—যার পরই শুরু হবে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা।
Leave a Reply