কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ নামের ১৮ বছরের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১০ মার্চ রাতে ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝালকাঠি শহর থেকে অভিযুক্ত ফাহাদকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ফাহাদকে ১১ মার্চ ঝালকাঠি আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভুক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মামলার এজাহারে ছাত্রীর মা উল্লেখ করেছেন, "সহপাঠী হওয়ার সুবাদে তার মেয়ে ও ফাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এতে তার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিস্তারিত ঘটনা জানতে পারেন এবং আইনের আশ্রয় নেন।"
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, 'বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলার ৪ ঘন্টার মধ্যে কাজী ফাহাদ নামের আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||