উখিয়ায় জমি নিয়ে সচেতনতা, সেবায় স্বচ্ছতা—তিনদিনের ভূমি মেলা শুরু

হারুন অর রশিদ:
“ভূমি কর দেব নিয়মিত, জমির মালিকানা রাখব নিরাপদ”এই বার্তাকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ব্যতিক্রমী আয়োজনে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন, পজিপ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম এবং খাদ্য কর্মকর্তা নাঈম ভূঁইয়া।
বক্তারা বলেন, ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে। নামজারি, খতিয়ান ও ভূমি কর প্রদানের মতো গুরুত্বপূর্ণ সেবা এখন পাওয়া যাচ্ছে অনলাইনেই। সরকারের লক্ষ্য, দালালমুক্ত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করা।
আলোচনা শেষে তিনজন সেবাপ্রার্থীর হাতে নামজারি খতিয়ান তুলে দেওয়া হয়। এতে প্রমাণ হয়, সঠিক নিয়ম মেনে আবেদন করলে দ্রুত সময়ে সেবা পাওয়া সম্ভব।
এছাড়া মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চালু করা হয়েছে ‘ভূমি সেবা বুথ’। সেখানে আগত নাগরিকরা পাচ্ছেন সেবা গ্রহণের পদ্ধতি, অভিযোগ জানানো ও ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য ও সহযোগিতা।













