কে.এম.ইসলাম - ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. হামিদুল ইসলাম (১১) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুর মরদেহ খালে ভেসে উঠেছে।
শনিবার (৩১ মে) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর উত্তমপুর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদুল ইসলাম উত্তর উত্তমপুর গ্রামের মো. সাগর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হামিদুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ২৮ মে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
শনিবার সকালে উত্তর উত্তমপুর গ্রামের তিন শিশু—মো. শফিকুল (১৩), মো. রফিকুল (৮) ও মো. মারুফ (১১)—বাড়ির পাশের খালে কলার ভেলায় ঘুরতে গিয়ে একটি মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||