সোলায়মান:
টাঙ্গাইলের নাগরপুরে সময়মতো চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে গেলেন শেফালি মন্ডল (৫০) নামের এক সাপে কাটা রোগী। পেশায় ইটভাটার শ্রমিক শেফালি মন্ডল গত মঙ্গলবার বিকেলে বিষধর সাপে কাটা অবস্থায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কাজল পোদ্দার ও তাঁর মেডিকেল টিম দ্রুত রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে বিষধর সাপের কামড় হিসেবে শনাক্ত করেন। সময় নষ্ট না করে দ্রুত এন্টিভেনম প্রয়োগের সিদ্ধান্ত নেন তাঁরা।
ডা. কাজল পোদ্দার জানান, “রোগীর ব্লাড কোয়াগুলেশন টেস্ট নেগেটিভ এলেও নিউরোলজিক্যাল সমস্যার লক্ষণ দেখা যাচ্ছিল। সময়ই ছিল সবচেয়ে বড় বিষয়। তাই দ্রুত এন্টিভেনম প্রয়োগ করা হয়।”
চিকিৎসার পর রোগীর অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মো. হাফিজুর রহমান জানান, “রোগীকে হাসপাতালে ভর্তি রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্টদের নিবিড় নজরদারিতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে গেছেন।”
তিনি আরও বলেন, “এই সফলতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত। নাগরপুরবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা সময়মতো সঠিক চিকিৎসা নিলে জীবন বাঁচানো সম্ভব।”
সর্প দংশনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডা. হাফিজুর রহমান বলেন, “সাপে কাটলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চলে আসুন। ঘরোয়া বা ঝাড়ফুঁকের দিকে না গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হোন। এতে জীবন রক্ষা পাওয়া সম্ভব।”
এই ঘটনা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা এবং দক্ষ চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপের সফল উদাহরণ হিসেবে ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||