মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম সোহাগ
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রুপরাইয়া এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মুন্সীগঞ্জের লৌহজং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রুবিনা আক্তার কুমকুমের মদদে এবং পুলিশের প্রভাব খাটিয়ে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার (২৩ ডিসেম্বর) রুপরাইয়া এলাকায় পৈতৃক ও দখলীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে হয়। এতে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ
আহতদের স্বজন ও অভিযোগকারীদের দাবি, মুন্সীগঞ্জের লৌহজং থানায় কনস্টেবল পদে কর্মরত রুবিনা আক্তার কুমকুম এই বিরোধে সরাসরি হস্তক্ষেপ করেছেন। যদিও তার স্থায়ী বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে, কিন্তু তিনি তার পদের প্রভাব খাটিয়ে রুপরাইয়া এলাকায় এই সংঘাতের নেপথ্যে ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীরা জানান, "রুবিনা আক্তার পুলিশে চাকরি করার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের ওপর হামলা করতে উস্কানি দিয়েছেন। আমরা সাধারণ মানুষ হওয়ায় তার প্রভাবের কাছে অসহায় হয়ে পড়েছি।"
এই ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত পুলিশ সদস্য রুবিনা আক্তার কুমকুমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||