মির্জাপুর খানপাড়া কবরস্থানের রাস্তা এখন চলাচলের অনুপযোগী, ভোগান্তিতে এলাকাবাসী

নাজিয়া নুসরাত মৌ:
সংবাদ প্রতিবেদন:( ২৬/০৬/২০২৫ ইং)
জন্ম যেমন অবধারিত, তেমনি মৃত্যুও অনিবার্য। আর সেই মৃত্যুর পর একজন মানুষের শেষ গন্তব্যস্থল — কবরস্থান। একজন মৃত ব্যক্তিকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশগ্রহণ করে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় মানুষ। এমনটাই দেখা যায় মির্জাপুর ভাওড়া ইউনিয়নের পাইখার ভাওড়া খানপাড়া গ্রামে।
এই গ্রামে কেউ মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণের জন্য শুধু নিজ গ্রাম থেকেই নয়, আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ছুটে আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাইখার ভাওড়া খানপাড়া বাজার থেকে খানপাড়া কবরস্থানে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, তা বর্তমানে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বৃষ্টির সময় কাদা-পানিতে রাস্তা তলিয়ে যায়, সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। জানাজায় অংশ নিতে আসা মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও হয়ে পড়েছে কষ্টসাধ্য। এই রাস্তাটি শুধুই একটি পথ নয়, এটি একটি মানবিক ও ধর্মীয় দায়িত্ব পালনের রাস্তা।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তাটির উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এটি শুধু একটি রাস্তা নয় — এটি মর্যাদার, ধর্মীয় দায়িত্ব পালনের, এবং একজন মানুষকে তার শেষ গন্তব্যে পৌঁছে দেওয়ার পথ। তাই এলাকাবাসীর একান্ত অনুরোধ, এই মানবিক বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়।










