যশোর বেনাপোল সীমান্তে ১.০৪৯ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুটখালী সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় মনিরুজ্জামানকে সন্দেহভাজন হিসেবে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশিতে কোমরে কস্টেপ দিয়ে লুকানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস যশোরে এবং আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। মোট সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা।







