1
রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: নারীসহ গ্রেফতার ৩

এস এম সোহাগ কাজী= মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার শাখারপাড় আনন্দ মোড় ও টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজৈর উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার মেজর আবু সালেহ মোঃ তানজিল এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নেওয়াজ শিশির। অভিযানে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম এবং এসআই সঞ্জয় কুমারসহ পুলিশ ও সেনাসদস্যরা।
অভিযানে আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন:
১. এনদাল শেখ (৫০) – পিতা: জলিল সেখ ইশিবপুর ইউনিয়ন।
২. জীবনী বেগম (২৮) – পিতা: মোতাবেক মোল্লা, ঘোষালকান্দি গ্রাম।
৩. সগির শেখ (৪২) – পিতা: সায়েদ আলী, ঘোষালকান্দি গ্রাম।
যৌথ বাহিনীর তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়:
ইয়াবা: ৫ হাজার ৭০৭ পিস।
গাঁজা: ১ কেজি ৬৮০ গ্রাম।
মোবাইল ফোন: ৯টি।
নগদ টাকা: ২ হাজার ৬৫০ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নেওয়াজ শিশির জানান, প্রথমে শাখারপাড় আনন্দ মোড় থেকে এনদাল শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাট সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে অভিযান চালিয়ে জীবনী বেগম ও সগির শেখকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







