1
যশোরে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার কোতয়ালী মডেল থানার উদ্যোগে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন রামনগর ইউনিয়নের সুতিঘাটা প্রাইমারি স্কুলের সামনে এ অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান চালিয়ে ট্রাক্টর সংযুক্ত ট্রলি দিয়ে অবৈধভাবে মাটি ভরাট করার সময় ৬টি গাড়ি আটক করে।
পরে সংবাদ পেয়ে যশোরের সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাড়ির মালিক মোঃ রাব্বানীকে দোষী সাব্যস্ত করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












