বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

শেষ প্রহরে এক নিঃসঙ্গ আত্মার চিরকালীন যাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:৪৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শেষ প্রহরে এক নিঃসঙ্গ আত্মার চিরকালীন যাত্রা

 

✍ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

রাতের গভীরতা তখনও পুরোপুরি কাটেনি। আকাশের কোণে শেষ রাতের চাঁদ ম্লান আলো ছড়িয়ে রেখেছে। ফজরের আজান ভেসে আসছে দূর থেকে, কিন্তু আজ আমার ঘুম ভাঙছে না। চারপাশ নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত শূন্যতা।
মা এলেন, নরম হাতে আমার কপালে হাত রাখলেন। প্রতিদিনের মতো মিষ্টি কণ্ঠে ডাকলেন, “বাবা, ফজরের সময় হয়ে গেছে, উঠো!”
কোনো সাড়া নেই।
তারপর মুহূর্তেই বদলে গেল পরিবেশ। মায়ের অস্থির চিৎকারে কেঁপে উঠলো পুরো ঘর। বাবা দৌড়ে এলেন, আমার নিথর দেহ দেখে তার শক্ত হৃদয়ও যেন ভেঙে টুকরো হয়ে গেল। ছোট বোনটা এল, আমার হাত ধরে ফিসফিস করে বলল, “ভাইয়া, একটু চোখ খুলে তাকাও, না! দেখো, আমি কাঁদছি…”
আমি সব শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম, কিন্তু কোনো উত্তর দিতে পারছিলাম না।
পরিবারের কান্নায় বাতাস ভারী হয়ে উঠলো। আত্মীয়-স্বজন ছুটে এলেন, কেউ মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছিল, কেউ চিৎকার করে বিলাপ করছিল।
তারপর আমাকে বিছানা থেকে শক্ত কাঠের খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো। আমার চেনা নরম বালিশ আর কম্বলের জায়গায় আজ কাঠের কঠিন স্পর্শ। গরম পানি আনা হলো, কয়েকজন আমার নিথর শরীরে পানি ঢালতে লাগলো।
আমি চিৎকার করে বলতে চাইলাম, “না! আমার শরীর পুড়ে যাচ্ছে! থামো!”
কিন্তু কেউ শুনলো না।
তারপর আমাকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে ফেলা হলো। বাবা আমার মুখে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, “বাবা, এত চুপ কেন? একবার শুধু বলো, তুমি ভালো আছো…”
কিন্তু আমি তখনও নির্বাক।
জানাজার জন্য আমাকে নিয়ে যাওয়া হলো। মা খাটিয়া আঁকড়ে ধরে কাঁদছিলেন, “আমার ছেলেকে নিয়ে যেও না! ও তো কিছুক্ষণ আগেও আমার সঙ্গে ছিল!”
কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। বাবা দাঁড়িয়ে ছিলেন নিশ্চুপ, দুই চোখ বেয়ে নেমে আসা অশ্রু গোপন করার ব্যর্থ চেষ্টা করছিলেন।
তারপর আমাকে নিয়ে যাওয়া হলো সেই ছোট্ট, নিঃসঙ্গ গহ্বরে—আমার চিরস্থায়ী ঠিকানায়।
আমি আতঙ্কিত হয়ে উঠলাম। চিৎকার করে বলতে চাইলাম, “না! আমাকে এখানে রেখো না! আমি একা থাকতে পারবো না!”
কিন্তু কেউ শুনলো না।
বাবা, চাচারা কবরে নেমে এলেন। আমাকে দু’হাত দিয়ে মাটির গভীরে শুইয়ে দিলেন। চারপাশের অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। আমি কেঁপে উঠলাম, বলতে চাইলাম, “বাবা, আমাকে এখানে রেখো না! আমি তোমাদের সঙ্গে যেতে চাই!”
কিন্তু কেউ শুনলো না।
তারপর কাঠের তক্তা দিয়ে আমার উপর ঢেকে দেওয়া হলো। ধীরে ধীরে মাটির স্তূপ উঁচু হতে লাগলো। আলো কমে আসছিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি হাত বাড়িয়ে দেখতে চাইলাম, কেউ আছে কি না, কিন্তু চারপাশে শুধু নিঃসীম অন্ধকার।
আমি শেষবারের মতো চিৎকার করে উঠলাম, “তোমরা কোথায় যাচ্ছো? আমাকে একা রেখে যেও না! আমি ভয় পাচ্ছি!”
কিন্তু সবাই চলে গেলো।
শুধু আমি পড়ে রইলাম নিঃসঙ্গ, একা। তখন আমার পাশে ছিল না মা-বাবা, না বন্ধু, না প্রিয়জন, না পৃথিবীর কোনো সান্ত্বনা। শুধু আমার আমলগুলো রয়ে গেলো সঙ্গী হয়ে।
হে আমার রব, সেদিন আমাকে একা রেখো না…

লেখক, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো,মিশর।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।