নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ২৭ হাজার টাকা

সোলায়মান:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডিডি) মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে কসমেটিকস, মিষ্টান্ন ভান্ডার ও ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
বাজারের কিছু ব্যবসায়ী মানহীন ও নকল কসমেটিকস বিক্রি করে আসছিলেন। অভিযানে অতিরিক্ত লাভে নকল পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি মিষ্টির বক্সের প্রকৃত ওজনের চেয়ে কম ওজন দেখিয়ে প্রতারণা এবং খালি বাক্স ক্রেতাদের চোখের আড়ালে বিনষ্ট করার অভিযোগও উঠে আসে।
এ সকল অনিয়মের ভিত্তিতে ৫টি দোকানকে মোট ২৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে শেষবারের মতো সংশোধনের সুযোগ দেওয়া হয়।
জরিমানার তালিকায় রয়েছে: জুঁই কসমেটিকস ৫,০০০ টাকা,স্বপন সুইটস ৩,০০০ টাকা,লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ৫,০০০ টাকা, কৃষ্ণ সুইটস ৭,০০০ টাকা,সাগর মিষ্টান্ন ভাণ্ডার ৭,০০০ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজিম উদ্দীন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ খিজির, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যবৃন্দ।







