জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ গভর্নিং বোর্ড নির্বাচনে অভিভাবক পরিষদের নিরঙ্কুশ বিজয়

জেদ্দা থেকে রফিক চৌধুরীঃ
জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড তথা ব্যবস্থাপনা কাউন্সিল নির্বাচন ২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল, উৎসবমুখর এবং নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এ ধরনের পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনী পরিবেশ ছিল আনন্দঘন ও মনোমুগ্ধকর। রয়েল সিকিউরিটির কঠোর নিরাপত্তা সত্ত্বেও ভোটারদের ব্যাপক উপস্থিতি নিয়ন্ত্রণে আয়োজকদের হিমশিম খেতে হয়। স্কুল প্রাঙ্গণের বাইরের চেয়ে ভেতরের পরিবেশ ছিল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত।
নির্বাচনী প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কাউন্সিলর (কনস্যুলার উইং) এ.এস.এম. সায়েম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক বাহার উদ্দিন বকুল ও সাংবাদিক রফিক চৌধুরী। ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণার প্রতিটি ধাপে তারা প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করেছেন।
এই নির্বাচনে ‘গার্ডিয়ান ফোরাম’ অভিভাবক পরিষদের প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে। তারা অভিভাবকদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ নির্বাচন প্রবাসে গণতান্ত্রিক চর্চা এবং প্রবাসী বাংলাদেশি সমাজে শিক্ষার পরিবেশ উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।










