গুণীজনদের সম্মাননা ও অনুপ্রেরণার বার্তা: কালিগঞ্জে আলমগীর কবির ফাউন্ডেশনের জমকালো আয়োজন

সাতক্ষীরা (কালীগঞ্) প্রতিনিধি: হাফিজুর রহমান
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক ও স্থানীয় গুণীজনদের সংবর্ধনা জানালো আলমগীর কবির ফাউন্ডেশন। এলাকার কৃতি সন্তানদের সম্মাননা প্রদান ও সামাজিক অনুপ্রেরণা জাগাতে এই উদ্যোগ নেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ফাউন্ডেশনের কর্ণধার এম.ডি. আলমগীর কবির।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চাম্পাফুল আচার্য্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। “আমরা সংগঠন”-এর উদ্যোগে এবং আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তি এবং কৃতী শিক্ষার্থীরা সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ অলিউল্লাহ, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপদেষ্টা নাজমুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’ চাম্পাফুল শাখার প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম প্রমূখ।
ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির তার বক্তব্যে বলেন, “জীবনে সাফল্য অর্জন করতে হলে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজে সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা জরুরি। বিশেষত, পিতা-মাতা এবং শিক্ষকদের মর্যাদা দিলে একজন মানুষ প্রকৃত অর্থেই আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।” তিনি সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন এবং গুণীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও, আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের আবেগপূর্ণ অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়।








