1
শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ ইস্রাফিল হোসেনঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক জয়নাল আবেদীন। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরশাদুল আলম বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন আদর্শবান কর্মী। ইসলামী আন্দোলনের জন্য তাঁর আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না; বরং তা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকে আরও বেগবান করে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদ শরিফ ওসমান হাদীর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। আদর্শিক সংগ্রামে টিকে থাকতে হলে ঈমানি দৃঢ়তা, ধৈর্য ও আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি যুব সমাজকে শহীদদের আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আলীম বলেন, শহীদদের স্মরণ তখনই অর্থবহ হয়, যখন আমরা তাদের আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করি। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে সততা, নৈতিকতা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।












