1
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ৪ বাড়িতে হাতবোমা হামলা ও লুটপাট; আহত ৫

মাদারীপুর জেলা প্রতিনিধি = এস এম সোহাগ কাজী:
মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪টি বসতবাড়িতে ভয়াবহ বোমা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাতের এই হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র ও হাতবোমা নিয়ে খাতিয়াল গ্রামের চারটি বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়িঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলায় ক্ষতিগ্রস্তরা হলেন:
সিরাজ মল্লিক,কবির ফকির,শহিদুল হক,জালাল মাতুব্বর,আবু আলম মল্লিক,আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।
হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা বেগম অভিযোগ করে জানান, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ ও দীলিপ মাতুব্বরসহ একদল সন্ত্রাসী তাদের বাড়িতে তাণ্ডব চালায়। লুটপাট চলাকালীন ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয়, এতে অন্তত ৫ জন রক্তাত্ব জখম হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
”তারা ঘরে ঢুকে সব শেষ করে দিয়েছে। বোমা ফাটিয়ে আমাদের জিম্মি করে সোনা আর নগদ টাকা নিয়ে গেছে। আমরা এখন আতঙ্কে আছি।”
ভুক্তভোগী পরিবার
বর্তমান পরিস্থিতি ও আইনি ব্যবস্থা
ঘটনার পর থেকে খাতিয়াল গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।









