1
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান

অনলাইন ডেস্কঃ
রাজধানীতে বৃষ্টির প্রভাবে বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কিছুটা নেমে এসেছে।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান সূচক (AQI) স্কোর ১১৮ নিয়ে ঢাকার অবস্থান নবম। এই স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (১৬৫), এরপর পাকিস্তানের লাহোর (১৬৪) ও সৌদি আরবের রিয়াদ (১৫৭)। এ ছাড়া চীনের উহান ও বেইজিং যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বাতাসে থাকা ধুলাবালি ও দূষিত কণার পরিমাণ কমে যাওয়ায় ঢাকার বায়ুমান উন্নত হয়েছে। শুক্রবার বেলা ১১টার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়, যা দূষণ কমাতে ভূমিকা রাখে।
এ ছাড়া ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় সড়কে যানবাহনের চাপ কমেছে। অনেক শিল্পকারখানাও বন্ধ থাকায় দূষণের প্রধান উৎসগুলো সাময়িকভাবে কমে গেছে।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, AQI ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার বর্তমান অবস্থায় সাধারণ মানুষের তুলনায় শিশু, বয়স্ক ও অসুস্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে তারা সতর্ক করে বলেছেন, এই উন্নতি সাময়িক। ছুটি শেষে নগরজীবন স্বাভাবিক হলে আবারও বায়ুদূষণ বাড়ার আশঙ্কা রয়েছে।












