1
ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।
প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।













