1
ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচার মামলায় দম্পতি গ্রেফতার

সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার কুমারটেক এলাকার বাসিন্দা দবির আকন ও তার স্ত্রী লাকি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য আসামি হিসেবে দোলা আক্তার ও আজবির আকনের নামও রয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। এ জন্য বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট প্রায় ৩৬ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু ইতালিতে পাঠানোর পরিবর্তে প্রতারণার মাধ্যমে তাকে লিবিয়ায় পাঠানো হয়।
অভিযোগে বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীকে প্রায় ১১ মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সঙ্গে তার পরিবারের কাছ থেকে আরও অর্থ আদায়েরও চেষ্টা করা হয়।
পরে কোনোভাবে দেশে ফিরে এসে ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এ অবস্থায় তিনি মাদারীপুরের বিশেষ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলার আইনি কার্যক্রম শুরু হলে পুলিশ প্রধান দুই আসামি দবির আকন ও লাকি বেগমকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।










