বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন: যুবক আটক একটি ড্রেজার একটি বলগেট জব্দ

ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইফুল্লাহ নামে এক যুবক কে আটক। ৫০০০ ঘনফুট বালুসহ বালু পরিবহনে ব্যবহৃত ১টি বলগেট ও বালু কাটার ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকাল ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর নেতৃত্বে তেতুলিয়া নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি ) মো. মেহেদী হাসান গনমাধ্যম কে জানান, তেতুলিয়া নদীর গঙ্গাপুর অংশে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালু সহ একটি বলগেট, বালুকাটায় ব্যবহৃত একটি ড্রেজার জব্দ এবং এ কাজের সাথে জড়িত থাকায় সাইফুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, মোবাইল কোর্টের আওতায় বিচার্য হলেও বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।
এবং জব্দকৃত ড্রেজার ও বালুসহ বলগেট মির্জাকালু নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এর জিম্মায় প্রদান ও আটককৃত ব্যক্তিকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ পুলিশ ফাড়ি ও ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীরা সহায়তা করেন।
উল্লেখ্য ইতিপূর্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন এর আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা আদায় করেন।










