স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন”

মিথুন কর্মকার – আমতলী উপজেলা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষার দাবিতে ইটভাটা বন্ধের আন্দোলনে নেমেছে এলাকাবাসী।
কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে বিবিসি ইটভাটার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
স্থানীয় আকবাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন অন্তত পাঁচ শতাধিক মানুষ।
তারা বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান।
জানা গেছে, ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা ফসলি জমির ওপর “বিবিসি ব্রিকস” নামে ইটভাটা স্থাপন করেন।
এর ফলে আশেপাশের প্রায় পাঁচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীববৈচিত্র্য ও গ্রামীণ সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। গ্রামটির প্রায় পাঁচ হাজার মানুষ এখন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
কৃষক নাশির উদ্দিন বলেন ইটভাটার কারণে আমাদের জমি এখন আর আগের মতো ফসল দেয় না। ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
(ভক্সপপ- স্থানীয় কৃষক নাসির উদ্দিন)
কবির গাজী বলেন এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। আমরা চাই দ্রুত এই ইটভাটা বন্ধ করা হোক।
(ভক্সপপ- স্থানীয় কৃষক কবির গাজী)
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন” অনুযায়ী, আবাসিক এলাকা, কৃষিজমি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না।
কিন্তু রায়বালা গ্রামে আইন উপেক্ষা করে ফসলি জমিতেই স্থাপন করা হয়েছে বিবিসি ইটভাটা।
আমতলী উপজেলা কৃষি অফিসার মো. রাসেল জানিয়েছেন, ইটভাটার মালিককে কৃষি জমিতে স্থাপনের কোনো অনুমোদন দেয়া হয়নি। এতে ফসলি জমি ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, এলাকার মানুষ অভিযোগ করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
স্বাস্থ্য, পরিবেশ ও ফসল বাঁচাতে— আইন প্রয়োগ ও সচেতনতার বিকল্প নেই।










