সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার

কে.এম. ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সম-নাগরিকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সমাজসেবা অতধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। সেমিনারে সভাপতিত্ব করেন ঝালকাঠি এডাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাতিমা জাহান রুনু।
আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়ক কেএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি এডাবের সদস্য সচিব সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল।
সেমিনারে বক্তারা বলেন, দেশব্যাপী নাগরিক অধিকারের সমতা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম-নাগরিকত্বের ধারণা সমাজে ছড়িয়ে দিতে হবে। ধর্ম, লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা বা জন্মসূত্রগত কোনো পরিচয়ই নাগরিক অধিকারে বৈষম্যের কারণ হতে পারে না-এ বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। উন্নয়ন তখনই টেকসই হবে, যখন রাষ্ট্রের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। এ ধরনের সেমিনার সমাজে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার বলেন, বৈষম্যহীন সমাজ গঠন আমাদের সকলের দায়িত্ব। ধর্ম, জাতি বা লিঙ্গ নয়-মানবিক মূল্যবোধই একজন নাগরিকের পরিচয় হওয়া উচিত। সম-নাগরিকত্বের ধারণা মিডিয়া ও সচেতন মহলের মাধ্যমে আরও বিস্তৃত হলে সমাজ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।







