1
গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কালকিনিতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রচার সভা

এস এম সোহাগ কাজী= মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গ্রাম আদালতের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালত কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল:
গ্রাম আদালত কী ও কেন: গ্রামের ছোটখাটো বিরোধ নিরসনে ইউনিয়ন পরিষদ স্তরে গঠিত আইনি ব্যবস্থা।
আদালতের এক্তিয়ার: গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।
স্বল্প খরচ: এখানে ফৌজদারি মামলার ফি মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ নেই।
গঠন প্রক্রিয়া: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে মোট ৫ জন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয়।
থানা-কোর্ট নয়, সমাধান হবে ইউনিয়ন পরিষদে উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তার বক্তব্যে বলেন, “ছোটখাটো বিরোধের জন্য আমাদের থানা বা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। এসব সমস্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই দ্রুত ও স্বল্প খরচে সমাধান সম্ভব।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান যেন তারা বাড়িতে গিয়ে বাবা-মা, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীকে লিফলেটটি পড়ে শোনান এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে সবাইকে উৎসাহিত করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ উক্ত সচেতনতামূলক কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকগণ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম আদালতের এই বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া সহজ হবে।










