1
আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন, নতুন সবক নিল ২৬ শিক্ষার্থী।

মোঃ ইস্রাফিল হোসেন স্টাফ রিপোর্টার :
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের মোট ২৬ জন শিক্ষার্থী নতুন সবক গ্রহণ করে।
শনিবার (১৩ জুন ২০২৬) মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান জাবির।
বিশেষ অতিথির বক্তব্যে শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান বলেন,
“শুধু শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না; আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে হবে।”
প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ বলেন,
“ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিসভিত্তিক মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী হাসান বলেন,
“জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর সফলতার সঙ্গে শিক্ষার্থীরা হিফয সম্পন্ন করছে, আলহামদুলিল্লাহ। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







