বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ১৪৩২
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ১৪৩২

1

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত

 

এস এম সোহাগ কাজী-  মাদারীপুর জেলা প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে যাত্রী নিয়ে একটি ভ্যান রওনা দেয়। পথিমধ্যে তাঁতীবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক যাত্রী নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

1

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম
জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী এলাকার চার উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন। তিনি এ আস্থার মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আগে নিজে আইন মেনে চলার পাশাপাশি অন্যদের আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব।
নবনির্বাচিত সাংসদ জানান, তাঁর নির্বাচনী এলাকা জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মাদককে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়াত উল্লাহ বেহেস্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ও সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হান্নান কামাল, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোজুম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আ. মালিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী তালুকদার এবং আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম ও সাধারণ সম্পাদক তাহের আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

1

জামালগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম
জামালগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই সুব্রতের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন নৌকাটিতে তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।

আটকরা হলেন—নরসিংদী জেলার বায়পুরা উপজেলার লক্ষীপুর গ্রামের ফকর মিয়ার পুত্র রানা সরকার (২৮) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৮)।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইঞ্জিনচালিত নৌকাটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

1

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ১৫৯৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম
যশোর জেলার শার্শা উপজেলার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ১৫৯৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২১ বিজিবি সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোরে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ শার্শার কায়বা বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা জানতে পারেন যে, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান গ্রহণ করে।

সন্দেহভাজন ওই নারী সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানায়, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক,লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।