শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

1

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, বিয়ে গড়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, বিয়ে গড়াল

 

মোঃ রানা ইসলাম= ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বিয়ের আয়োজন, নতুন জীবনের স্বপ্ন- সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসররাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। বর রায়হান কবির অভিযোগ করেন, যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল, বাসরঘরে বসে থাকা নববধূ সেই নারী নন, তিনি অন্য কেউ। এই অভিযোগকে কেন্দ্র করেই বিয়ের আনন্দ পরিণত হয় সন্দেহ, উত্তেজনা ও মামলার জটিলতায়।
‘কনে বদল’–এর এই অভিযোগ এখন ঠাকুরগাঁও জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিয়ে গড়িয়েছে আদালত শেষে কারাগার পর্যন্ত।
গত বছরের ১ আগস্ট জিয়ারুল হকের মেজো মেয়ের সঙ্গে একই জেলার পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের বিয়ে হয়। ওই রাতেই কনে বদলের অভিযোগ তোলে বর ও তার পরিবার। ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার দুই পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। পরে গত বছরের ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক রায়হান কবির ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা ও ঘটক মোতালেবকে আসামি করে পাল্টা মামলা করেন।

উভয়পক্ষের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বর রায়হান কবিরের মামা বাদল অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ঘটক মোতালেবের মাধ্যমে রায়হানের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। জুলাই মাসের শেষের দিকে রাণীশংকৈলের শিবদিঘী এলাকার একটি চায়ের দোকানে ঘটক একটি মেয়েকে দেখান। মেয়েটিকে পাত্র ও উপস্থিত স্বজনদের পছন্দ হলে তা ঘটককে জানানো হয়। পরবর্তীতে মেয়েপক্ষের লোকজন ছেলেপক্ষের বাড়িতে এসে আত্মীয়তার প্রস্তাব দেয় এবং নতুন করে মেয়ে না দেখিয়েই বিয়ের আয়োজন সম্পন্ন করার অনুরোধ জানায়। তাদের দ্রুত বিয়ে সম্পন্ন করার তাগিদও ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রায়হান কবিরের দুলাভাই মানিক মালয়েশিয়া প্রবাসী। তিনি দ্রুত বিদেশে ফিরে যাবেন। এ কারণে আমরা বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম। ১ আগস্ট রাত ১১টায় দুটি মাইক্রোবাসে করে আমরা মেয়ের বাড়িতে যাই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ভোর ৪টার দিকে বাড়ি ফিরি।
তিনি অভিযোগ করে বলেন, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে কনে পরিবর্তনের বিষয়টি আমরা বুঝতে পারিনি। তবে বাসর রাতে মেয়ে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারে, সে যে মেয়েকে বিয়ে করেছে সে অন্য কেউ। যে মেয়েকে আগে দেখানো হয়েছিল, তাকে কৌশলে বদল করা হয়েছে। ২ আগস্ট আমরা মেয়েটিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেই এবং প্রতারণার কারণ জানতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, ঘটক ও মেয়ের বাবা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে কনের বাবা জিয়ারুল হক বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। দ্বিতীয় মেয়ে জেমিন আক্তার রাণীশংকৈল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেজো মেয়েকে ছেলেপক্ষ আমাদের বাসায় এসে দেখে গেছে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৭০ জন বরযাত্রী উপস্থিত ছিল। এমন অবস্থায় বিয়ের রাতে কনে বদল হয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, বিয়ের আগে কোনো যৌতুকের কথা বলা হয়নি। কিন্তু বিয়ের পরদিনই তারা ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি জমি বিক্রি করে দেওয়ার কথাও বলেছি, কিন্তু তারা সময় দিতে রাজি হয়নি। এখন আমাকে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
এ ঘটনায় ঘটক মোতালেব বলেন, আমি অন্য কোনো মেয়ে দেখাইনি। মেয়ে দেখানো হয়েছিল মেয়ের বাবার বাসাতেই। পরে তারা নিজেরাই দ্রুত বিয়ের প্রক্রিয়া শেষ করেছে। এরপরের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না।
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ছেলেপক্ষের অভিযোগ মেয়েপক্ষ ও ঘটক মিলে কনে বদলের মাধ্যমে প্রতারণা করেছে। প্রথম দিকে মীমাংসার শর্তে রায়হান কবির জামিনে ছিলেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বিষয়টি এখন পুরোপুরি বিচারাধীন। আমরা আশা করছি আদালতের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।