বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

1

সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিয়ন্ত্রণাধীন বেশিরভাগ বিল এখনও স্থানীয় চাঁদাবাজদের কবজায় রয়েছে। ধর্মপাশা উপজেলার নাইন্দা বিল, মাইন্দা বিল, বৌলাই নদী ও কালা মাটির অংশবিশেষ নিয়ে গঠিত জলমহালের অন্তর্ভুক্ত বৌলাই নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় দখলবাজ ও চাঁদাবাজ চক্র নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন হুমকির মাধ্যমে হয়রানি করে বিলের মাছ লুটপাট করার পায়তারা করছে চাঁদাবাজ চক্রটি। জেলা প্রশাসন কর্তৃক উক্ত জলমহালটি ৬ বছরের জন্য উন্নয়ন স্কিমের আওতায় ধর্মপাশা উপজেলার নুরপুর গ্রামের তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নিকট বৈধভাবে ইজারা প্রদান করা হয়। কিন্তু পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আওয়ামী লীগ নেতা, প্রভাবশালী আব্দুর রাজ্জাক ও তার পুত্র এবং সহযোগীরা জোরপূর্বকভাবে অবৈধ দখলের মাধ্যমে মাছ আহরণ করে যাচ্ছেন। সরকারকে মোটা অংকের টাকা রাজস্ব প্রদান করত: ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি মাছ আহরণ করতে গেলে রাজ্জাক বাহিনী তাদেরকে বাধা প্রদান করার পাশাপাশি মোটা অংকের টাকা চাঁদা দাবি করে যাচ্ছে। চাহিত চাঁদা দিতে অস্বীকার করলেই ইজারাদার ও তার ব্যবসায়ী অংশীদারগনকে খুন করার হুমকি ও শারীরিক হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে ইজারাদার তাজিমুল ইসলাম বাদী হয়ে গত ৩০/১১/২৫ইং সুনামগঞ্জ জেলা প্রশাসক, ১৭/১২/২০২৫ইং জেলা পুলিশ সুপার ও ২/১২/২০২৫ইং ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও চাঁদাবাজদের বিরুদ্ধে ধর্মপাশা ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও চিহ্নিত চাঁদাবাজরা প্রতিনিয়ত লুটতরাজ করে যাচ্ছে জলমহালটির অভয়াশ্রমের লক্ষ লক্ষ টাকার মাছ।

ইজারাদারদের অভিযোগ, রাজ্জাকগং দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির মাধ্যমে জলমহাল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও অভিযোগ রয়েছে যে, রাজ্জাক বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এতে প্রকৃত মৎস্যজীবী ও বৈধ ইজারাদাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্ন হুমকি ও ষড়যন্ত্র চালাচ্ছে চাঁদাবাজরা। ইতিপূর্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাজ্জাক গংয়ের অবৈধভাবে দখলকৃত স্থান থেকে মাছ ধরার জাল জব্দ করেন। সহকারী কমিশনার (ভূমি) সামান্য দূরে অবস্থান নিতেই, তাঁর উপস্থিতিতেই রাজ্জাকের ছেলে হিমেল ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় ইজারাদার এবং তার ভাই হুমায়ুন কবিরের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দিনই জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করেন।
এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, অভিযুক্ত রাজ্জাককে জলমহালের অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ওসি মোঃ বন্দে আলী বলেন, জলমহালটি ধর্মপাশা থানার আওতাভূক্ত। এর কতেক অংশ জামালগঞ্জ থানায় হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে থানায় রুজুকৃত মামলাটি ওসি (তদন্ত) মনিটরিং করছেন। তিনি বলেন জামালগঞ্জ থানা পুলিশের পাশাপাশি এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে ভালো হয়।
ক্ষতিগ্রস্থ ইজারাদাররা এ ব্যাপারে সেনাবাহিনী বরাবরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তারপরও প্রশাসনের নির্বাচনী ব্যস্ততার সুযোগে জলমহালের অভয়াশ্রম হতে বেপরোয়াভাবে মৎস্যসম্পদ লুটতরাজ করে যাচ্ছে অভিযুক্তরা। অবিলম্বে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবিরা।

 

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন ও হয়রানি বন্ধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবেন আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হেড লাইন চেঞ্জ করে দিন

1

নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোয়ারা বেগম বলেন, “নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।