1
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই কক্ষটি পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর বলে জানায় পুলিশ। সেখান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।













